স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি
সংবাদের আলো ডেস্ক: স্বামীর মৃত্যুতে শেষ বিদায়ে অংশ নিতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১৯ আগষ্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। এরআগে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে তাকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়ের জন্য সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, এদিন দুপুর ১২ টার দিকে মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে প্রবেশ করেন। মায়ের কথা বলে মেয়ে দীপাবলি কারাগার থেকে বের হওয়ার পরই দীপু মনিকে প্যারোলে ৪ দিনের মুক্তির জন্য আবেদন করেন।
প্রসঙ্গত: গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।