নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে : স্পিকার
সংবাদের আলো ডেস্ক: নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর সার্কিট হাউজে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
স্পিকার বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি এখন মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। কখনো আবার স্বৈরশাসন যখন মানুষের ওপরে চেপে বসে সে সময় ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার পুনঃপ্রবর্তন করে। গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়। সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এটাই কামনা করি। পাশাপশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে। একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
এর আগে বরিশাল সার্কিট হাউজে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখান থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেন তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।