মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

খুব শিগগিরই দেশকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করবো : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণকে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই দেশকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কক্সবাজারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে। ভোটের কালি মোছাবার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি।

তিনি আরও বলেন, সরকারের প্রথম দিককার পদক্ষেপগুলোর মধ্যে ছিল কৃষকদের জন্য কৃষি ঋণ সুদসহ মওকুফ করা। এ খাতে যে রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে, তা সরকার নিজ উদ্যোগে ব্যাংকিং খাতের মাধ্যমে সমন্বয় করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যেখানে পরিবারের প্রধান হিসেবে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। অতীতে এ ধরনের উদ্যোগ না থাকলেও বর্তমান সরকার তাদের ভূমিকার যথাযথ মূল্যায়ন করছে।

অনলাইনে জুয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবেলায় সরকার গবেষণা চালাচ্ছে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়াও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, যেসব পয়েন্ট দিয়ে মানব পাচার সংঘটিত হয়, সেসব স্থানে নজরদারি জোরদার করে সুসংগঠিত অভিযান পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়