চাটমোহরের বোঁথড়ে শুরু হাজার বছরের চৈত্র সংক্রান্তি ও তিন দিনের মেলা
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর পৌর শহরের অদূরে বড়াল নদের তীরবর্তী বোঁথড় গ্রামে শুরু হয়েছে শতাব্দীপ্রাচীন চড়ক পূজা ও তিন দিনব্যাপী মেলা। চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ব্যাপক সমাগম ঘটছে। দেশ-বিদেশের পুণ্যার্থীরাও অংশ নিচ্ছেন এই ঐতিহ্যবাহী আয়োজনটিতে। পাটে ধূপ প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে মন্দিরসংলগ্ন পুকুর থেকে চড়ক গাছ উত্তোলন করা হয়েছে। পরবর্তীতে মহাদেবের মূর্তি স্থাপনের মাধ্যমে পূজার মূল কার্যক্রম শুরু হবে, যা চলবে বুধবার পর্যন্ত। আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা ও মেলা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলাকে ঘিরে গ্রামজুড়ে এখন উৎসবের আবহ। বিশেষ করে হিন্দু পরিবারগুলোতে চলছে অতিথি আপ্যায়ন।
পূজার পুরোহিত সতেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এই চড়ক পূজার ইতিহাস বহু প্রাচীন। কেউ কেউ এর সূত্র খুঁজে পান সিন্ধু সভ্যতায়, আবার অনেকে বলেন, বান রাজার আমল থেকে এর প্রচলন। নির্ভুল ইতিহাস না মিললেও জনশ্রুতি ও প্রজন্মান্তরের ধারাবাহিকতায় উৎসবটি টিকে আছে হাজার বছর ধরে।” স্থানীয়রা জানান, এক সময় এই মেলা বৈশাখ মাসজুড়ে চলত এবং আয়োজনেও ছিল ব্যাপক জাঁকজমক। যাত্রা, সার্কাস, নাগরদোলা, পুতুলনাচসহ নানা আয়োজন ঘিরে মুখর থাকত পুরো এলাকা। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে পসরা সাজাতেন।
তবে সময়ের সঙ্গে সেই জৌলুস অনেকটাই কমে গেছে। তবুও চড়ক গাছ, পাঠ ঠাকুর ও মন্দিরকে ঘিরে ঐতিহ্য এখনো টিকে আছে। স্থানীয় বাসিন্দা রাজিব বিশ্বাস বলেন, “মানত পূরণের আশায় অনেক ভক্ত এখানে আসেন। কেউ পাঁঠাবলি দেন, কেউ কবুতর উৎসর্গ করেন, আবার কেউ ভরণ চালুন নিয়ে বিশেষ আচার পালন করেন। মেলাকে কেন্দ্র করে দূরের আত্মীয়রাও বাড়িতে আসেন, ফলে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।’
বোঁথড় মহাদেব মন্দির কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ দাস বলেন, “হাজার বছরের এই ঐতিহ্য ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতি বছরের মতো এবারও পূজায় দেশ-বিদেশের পুণ্যার্থীদের অংশগ্রহণ রয়েছে।” আগের মতো জাঁকজমক না থাকলেও এখনো এই মেলা এলাকার ঐতিহ্যের প্রতীক। তবে অতীতের মতো সব ধর্মের মানুষের মিলনমেলা ও সম্প্রীতির দৃশ্য দেখা যায়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।