স্পেকট্রাম ট্রাজেডির ২১ বছরেও বিচার হয়নি: আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় স্পেকট্রাম সোয়েটার লিমিটেডে শ্রমিক হত্যার ২১ বছর পার হলেও এখনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।
এ সময় সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৫ সালের ১১ এপ্রিল ভোরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধস বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা। ওই দুর্ঘটনায় ৬৪ জন শ্রমিক নিহত হন এবং কয়েক শতাধিক শ্রমিক আহত হয়ে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।
তারা অভিযোগ করেন, ভবনটি ৬ তলা ফাউন্ডেশনের ওপর অবৈধভাবে আরও ৩ তলা নির্মাণ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং ধারণক্ষমতার অতিরিক্ত ভারী যন্ত্রপাতি স্থাপনের কারণেই এই দুর্ঘটনা ঘটে। এটি ছিল চরম অব্যবস্থাপনা ও শ্রমিক নিরাপত্তার প্রতি অবহেলার ফল।
বক্তারা আরও বলেন, ঘটনার এত বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার এখনও ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত। একই সঙ্গে মামলার বিচার প্রক্রিয়াও দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে, যা ভুক্তভোগীদের হতাশা আরও বাড়িয়েছে।
মানববন্ধন থেকে শ্রমিক নেতারা চার দফা দাবি জানান। দাবিগুলো হলো- স্পেকট্রাম ট্রাজেডির মামলার দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন, গার্মেন্টস শিল্পে নিরাপত্তা নীতিমালার কঠোর বাস্তবায়ন এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা।
এ সময় বক্তারা নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।