ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান পদে সেলু’র প্রার্থীতা ঘোষণা
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে তিনি আসন্ন নির্বাচনে নিজের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও স্থানীয় সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরে নিজের প্রার্থীতা ঘোষণা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন- বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকেই আমি দলের সাথে যুক্ত ছিলাম এবং আছি। অতীতের দুঃসময়েও রাজপথে ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে আছি এবং জীবনের শেষ সময়টুকু ভূঞাপুরের মানুষের জন্য করতে চাই।
তিনি আরো বলেন- আমি কখনো দলের বিপক্ষে কোন কর্মকান্ড করিনি এবং ভবিষ্যতেও করবো না। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আমার প্রিয় নেতা মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু যে সিদ্ধান্ত দেবেন, আমি তা মাথা পেতে নিব। পরিশেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র উপদেষ্টা এডভোকেট খসরু মিয়া, ফলদা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান খান মোনায়েম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।