শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপি নেতার ছেলের তাণ্ডব: চাটমোহরে শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা, আতঙ্কে অসুস্থ অন্তত ৩০

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে এক বিএনপি নেতার মাদকাসক্ত ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সরোয়ার হোসেন নয়ন (৩২/৩৫) ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কফিল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠে মেয়েশিক্ষার্থীরা ফুটবল খেলছিল। এ সময় নয়ন তাদের ভিডিও ধারণ করতে শুরু করলে শিক্ষার্থী ও শিক্ষকরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রথমে লাঠি নিয়ে তেড়ে আসেন, পরে বাজার থেকে ছুরি, কাঁচি ও অন্যান্য ধারালো অস্ত্র এনে শিক্ষক-শিক্ষার্থীদের ধাওয়া করেন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে শিক্ষকরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে স্কুলের প্রধান ফটক বন্ধ করে দেন।

এ সময় আতঙ্কে কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারায় এবং অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে নয়ন তাদের ওপরও হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাকে আটকের দাবিতে কিছু সময় পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় নয়নকে আটক করে থানায় নেয় পুলিশ। স্কুলের সহকারী শিক্ষক মাসুদ রানা বলেন, “শিক্ষার্থীরা তাকে ভিডিও করতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে লাঠি, পরে ছুরি ও কাঁচি নিয়ে হামলার চেষ্টা করে।

আমরা কোনোভাবে শিক্ষার্থীদের নিরাপদে রাখি।” চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি জানান, ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। শিক্ষকদের এজাহার দিতে বলা হয়েছে।

মামলা প্রক্রিয়াধীন।” অভিযুক্তের বাবা কফিল উদ্দিন দাবি করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ। তিনি বলেন, “এলাকার প্রতিপক্ষরা তাকে মাদকাসক্ত করেছে। এখন তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইনগতভাবে যা হওয়ার হোক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়