আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে রুকমা খাতুন (২২) নামের এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত রুকমা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়। তিনি আশুলিয়া এলাকায় অবস্থিত ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাইল বালুর মাঠ এলাকায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে রুকমা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঠিক কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।