শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট লেখক-মোটিভেশনাল বক্তা মোহাম্মদ হোসেন শান্তি। উদ্বোধক ছিলেন এইম বাংলা প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দায়েম মৃধা (ছোটন)। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে তোমরা আজ দাঁড়িয়ে আছো। ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। পরিশ্রম, শৃঙ্খলা ও সততাই সফলতার মূলমন্ত্র। বড় স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করো—তোমরাই একদিন দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি যুবায়েরুল হক মৃধা। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন।

সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খাইরুল এনামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নিয়ে তারা ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার সুধীজন, অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়