রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর সদরে পুন: স্থাপনের দাবিতে মঙ্গলবার (৭ এপ্রিল)  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের পরীক্ষার্থীরা।

ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় সহস্রাধিক  শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে যাতায়াত সহজ। কিন্তু নির্ধারিত নিকরাইল কেন্দ্র শমসের ফকির ডিগ্রি কলেজ দূরবর্তী হওয়ায় সেখানে পৌঁছাতে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় অনেক সময় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নিকরাইল কেন্দ্রের সড়কগুলো সরু ও খানাখন্দে ভরা, যা যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং বিরূপ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।

তারা জানান, উক্ত কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো ও আবাসন সুবিধা নেই। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীরা নিকরাইল শমসের  ফকির  ডিগ্রি কলেজ কেন্দ্র বাতিল করে ভূঞাপুর সদরে পরীক্ষা কেন্দ্র পুন: স্থাপনের জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়