বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মিঠাপুকুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

সংবাদের আলো ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট ঈদুলপুর আবাসন প্রকল্পে এ ঘটনাটি ঘটে। আজ সকালে ভুক্তভোগী কিশোরীর মা আদুরী বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব মূলতঃ বরিশালের বাসিন্দা। তিনি মিঠাপুকুর এলাকায় বিভিন্ন হোটেলে কাজ করার সুবাদে সেখানে বসবাস করে আসছিলেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোতালেব এবং ভুক্তভোগীর মা আদুরী বেগম (৩৫) উভয়েই স্থানীয় জায়গীর বাসস্ট্যান্ডের একটি হোটেলে কাজ করতেন। কর্মস্থলের পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আদুরী বেগমের পূর্বের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও তার ১৬ বছর বয়সী ছোট মেয়েটি এই দম্পতির সাথে ঈদুলপুর আবাসন প্রকল্পেই বসবাস করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে দফায় দফায় মেয়েটির ওপর একাধিকবার পাশবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে কিশোরীটি সম্প্রতি তার মা আদুরী বেগমকে বিস্তারিত খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মোতালেবকে হাতেনাতে আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী কিশোরীর মা আদুরী বেগম বলেন, আমি ওর (মোতালেব) ওপর বিশ্বাস রেখেছিলাম, কিন্তু ও আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই যেন আর কোনো বাবা বা সৎ বাবা এমন কাজ করার সাহস না পায়।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়