বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চলতি মাসে আরও ২টি খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খালের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এপ্রিল মাসে আমরা আরও দুটো খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকূপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বিভিন্ন জেলায় তাদের কাজ নিজেরা দেখভাল করছেন জানিয়ে তিনি বলেন, দুই জেলায় প্রধানমন্ত্রী সরাসরি গিয়ে উদ্বোধন করবেন।

এ্যানি বলেন, এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ উদ্বোধন করবো সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মেইন কাজটা হলো যে ১৮০ দিনের কার্যক্রম, আমরা জনগণের সামনে যে কার্যসূচি তুলে ধরেছি সেটা যেন নির্ধারিত সময়ে সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি, সেটি কবে নাগাদ আমরা চলমান বা দৃশ্যমান করবো, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

অনেকগুলো নদী এরইমধ্যে মরে গেছে, দখল হয়ে গেছে; সেগুলো উদ্ধারে আপনারা বিশেষ কী উদ্যোগ নিচ্ছেন এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এর সঙ্গেই সবকিছু জড়িত। কারণ ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাবো, তাহলে বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলো বাধা আছে। 

তিনি আরও বলেন, অনেক জায়গায় বিভিন্ন শিল্প কলকারখানার বর্জ্য-আবর্জনায় স্তূপ হয়ে আছে। অনেক জায়গায় দোকান, বাড়িঘর নির্মাণ করেছে। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেজন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি, যেন সবকিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। সেই টার্গেট আমরা ফুলফিল করার জন্যই আজকে আমাদের এই মিটিং এবং এই মিটিংয়ে আমরা মোটামুটি সবাই আশাবাদী যে আমরা এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যা যা করা দরকার সমন্বিতভাবে সেটাকে সমাপ্ত করবো, ইনশাআল্লাহ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়