কসবা সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সংবাদের আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাত ও সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অধীন কসবার মাদলা বিওপির বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালায়। ওই অভিযানে কাশিরামপুর সীমান্ত পিলার-২০৪৫/এম এলাকা থেকে ভারতীয় উন্নতমানের দুই হাজার ৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-দুই কোটি ছয় লাখ ২১ হাজার টাকা।
অপরদিকে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৪৩/৩-এস শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দখলা নামক স্থান হতে ভারতীয় উন্নতমানের ১৭ হাজার ২৯৫ পিস চশমা ও ১০০ কেজি কফি জব্দ করে বিজিবি জওয়ানরা। যার সিজার মূল্য এক কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টম্সে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।