নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সংবাদের আলো ডেস্ক: টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার ৩ টি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
শনিবার (২৮ মার্চ) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়।
তারা হলেন, মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের ( ৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি শাহ পরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাংঙ্গর পাড়া গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান জানান, মিয়ানমারের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরার ফলে তাদের আটক করে নিয়ে গেছে আরকান আর্মি। এসব জেলেকে ফেরত আনার বিষয়ে বিজিবি তৎপরতা শুরু করেছে।
উল্লেখ্য, গত দেড় বছরে অন্তত চার শতাধিক জেলেকে নানা সময় আরাকান আর্মি সীমানা লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে যায়। যাদের মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফেরত আসেন ৭৩ জেলে। আরও ১৭২ জন জেলে রাখাইন রাজ্যের কারাগারে আটক রয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।