বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে নিষিদ্ধ অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেন চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাদ আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কনক রায়, নুরুজ্জামান ও সজিব চন্দ্র। তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত।

ডিবি পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল।

অভিযানে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে ২০টিরও বেশি নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপ সচল অবস্থায় পাওয়া গেছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা এসব সিম কার্ড ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের অবৈধ লেনদেন করে আসছিল।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি সাদ আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়