সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরের খাল দুটি বিলুপ্তির পথে

মো. কামরুল ইসলাম, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ী নদী থেকে ভাটা নদী পর্যন্ত বিস্তৃত আলীয়াবাদ ও মাঝিকাড়া খাল দুটি বিলুপ্তির পথে। এক সময় বর্ষার দিনে নৌকা বেয়ে গ্রামের মানুষ নবীনগরে যাতায়াত করত, এখন সেই খালগুলো শুকিয়ে গেছে, বর্জ্যে ভরে গেছে।

স্থানীয়রা বলছেন, খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, পলিথিন ও ঘরোয়া বর্জ্য ফেলা এবং নিয়মিত পরিচর্যার অভাব খালগুলোকে অচল করে দিয়েছে। বর্ষার পানি আটকে যাওয়ায় মশার প্রজনন বেড়েছে, দুর্গন্ধের কারণে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।

মাঝিকাড়া গ্রামের প্রবীণ শামসুর  রহমান বলেন, “খাল দুটি এক সময় অনেক গভীর ও চওড়া ছিল। মানুষ নৌকা দিয়ে যাতায়াত করত। এখন তা শুধু স্মৃতির খাল।”

আলীয়াবাদ পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মালেক জানান, “খালের মুখ বন্ধ হওয়ার পর বর্ষার পানি আটকে গেছে। আমাদের শিশুদের খেলার জায়গা নেই, গ্রীষ্মে পানি শুকিয়ে গেলে পানি তোলার জন্যও ভোগান্তি।”

স্থানীয় বাসিন্দা রাশিদা বেগম  বলেন, “খালের পানি বন্ধ হওয়ায় মাছও নেই। নৌকা চলাচল বন্ধ, আমাদের যাতায়াত খুব কষ্টের। প্রশাসন চাই দ্রুত খালগুলো পুনরায় খনন ও সংযোগ স্থাপন করুক।”

স্থানীয়রা দাবি করছেন, খনন এবং বর্জ্য ফেলা বন্ধ করে বুড়ী নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন করলে খালগুলো আবার জীবন্ত হয়ে উঠবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, “খাল দুটি রক্ষার চেষ্টা চলছে। খননের প্রক্রিয়া চলছে। আশা করি পবিত্র ঈদ উল ফিতরের পর কাজ শুরু করতে পারব।”

নবীনগরের জনজীবনে কেবল পরিবেশ নয়, ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে—এখন সময় এসেছে খাল দুটি বাঁচানোর জন্য সক্রিয় পদক্ষেপের।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়