আশুলিয়ায় শ্রমিক অপহরণ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় এক পোশাক কারখানার শ্রমিককে অপহরণ ও অপর এক শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে আল্টিমেট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের অভিযোগ, গত রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী কারখানার শ্রমিক মো. শামীম হোসেনের বাসায় ঢুকে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে তাকে একটি জঙ্গলে নিয়ে মারধর করা হলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
একই রাতে আনুমানিক ৯টা ৪৫ মিনিটে একই কারখানার আরেক শ্রমিক মো. খায়রুল ইসলামকেও দলবদ্ধভাবে হামলা করে মারধর করা হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এ সময় সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান এবং ভুক্তভোগী শ্রমিক শামীম হোসেন ও খায়রুল ইসলাম।
সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।