কক্সবাজার সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত ডলফিন
সংবাদের আলো ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতের ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন। শনিবার (১৪ মার্চ) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় ডলফিনটিকে পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। বিরল প্রজাতির এই সামুদ্রিক প্রাণীর মৃত্যুতে পরিবেশকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সৈকতে দায়িত্বরত লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু জানান, সকালে টহল দেওয়ার সময় বালুচরের কাছে ডলফিনটি তাঁদের নজরে আসে। প্রায় ছয় ফুটের বেশি দৈর্ঘ্যরে ডলফিনটি দেখতে সেখানে উৎসুক পর্যটকেরা ভিড় করেন। আকার ও গঠন দেখে প্রাথমিকভাবে এটি ‘ইরাবতী’ প্রজাতির ডলফিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন, “ডলফিনটির শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে এটি তিন থেকে চার দিন আগে মারা গেছে। সমুদ্রে জেলেদের জালে আটকে কিংবা বড় জাহাজের ইঞ্জিনের পাখার আঘাতে এর মৃত্যু হয়ে থাকতে পারে। পরে ঢেউয়ের তোড়ে এটি সৈকতে ভেসে আসে।”
পরিবেশকর্মীরা বলছেন, বঙ্গোপসাগরে ইরাবতী ডলফিন তুলনামূলক বিরল এবং সংরক্ষিত প্রজাতি হিসেবে পরিচিত। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় জেলেদের সচেতনতা এবং নৌযান চলাচলে সতর্কতা বাড়ানো জরুরি।
কক্সবাজার পর্যটন সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ডলফিনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এনআই



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।