ভূঞাপুরে অবরুদ্ধ মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের জায়গা জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করে এবং যাতায়াতের রাস্তাটিতেও তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। দখল করা জমির উপর ঘর নির্মাণ করে তার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় তিনি ও তার পরিবার চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিবাদে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
জানা গেছে, উপজেলার ঘাটান্দি এলাকায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের নামে রেকর্ডকৃত একটি জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি প্রভাবশালী পক্ষ। সম্প্রতি তারা ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে সেখানে তার অনুপস্থিতিতে ঘর নির্মাণ করে। ফলে তার বাড়ি থেকে চলাচলের একমাত্র পথটি বন্ধ হয়ে যায় এবং তিনি কার্যত নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েন।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার অভিযোগ করে বলেন, স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। অথচ আজ নিজের বাড়িতেই চলাচলের অধিকার থেকেও বঞ্চিত হতে হচ্ছি। প্রতিপক্ষ জোর করে জমি দখল করে আমার বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। প্রতিপক্ষ প্রভাবশালি হওয়ায় আমার বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমি এ ব্যাপারে আপনাদের মাধ্যমে দেশবাসীসহ সরকারের দৃষ্টি আকর্ষন করছি, যেন আমাকে আমার বাড়ির জায়গা বুঝিয়ে এবং বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন।
কমরেড হাবিবুর রহমান হবি জানান, একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অবরুদ্ধ করে রাখা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে তার জমি উদ্ধার ও চলাচলের পথ স্বাভাবিক করে দেয়ার জন্য আমি অনুরোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কমরেড হানিফ ভুঁইয়া।
ক্যাপশনঃবীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের সংবাদ সম্মেলন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।