আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
আলমগীর কবির,(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও), ডিডিএম, আলফাডাঙ্গার আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত সবার মাঝে অগ্নিকাণ্ডের সময় করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে উপস্থিত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণের বাস্তবধর্মী ধারণা লাভ করেন।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার কোহিনূর ইসলামের যৌথ ব্যবস্থাপনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।