জ্বালানি খাতের সংকট নিরসনে ভারতের কাছে সহায়তা চাইল বাংলাদেশ
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের জ্বালানি খাতের চলমান সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কাছ থেকে চার মাসে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আহ্বান জানিয়েছে ঢাকা।
গতকাল রবিবার (৮ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।
সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজেল আমদানির চুক্তি সম্পন্ন হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের উচ্চপর্যায়ের সূত্রমতে, জ্বালানি সংকট কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বর্তমান জরুরি পরিস্থিতি সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে খুব দ্রুতই এই ডিজেল বাংলাদেশে আসা শুরু হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।