জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা রাজপথে নেমেছি: এটিএম আজহার
সংবাদের আলো ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ টি এম আজহার বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা বারবার দাবি জানিয়েছি। কিন্তু নানা অজুহাতে তা বাস্তবায়ন করা হচ্ছে না।
তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।এরপরও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কোনো কর্ণপাত করছেন না।
জামায়াতের এই নেতা বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতেই আমরা রাজপথে নেমেছি। এ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।