সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মেয়র পদে লড়বেন বিএনপি নেতা সিকদার শহিদুল ইসলাম লেলিন

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২৬ ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে নতুন হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, কর্মী-সমর্থকদের তৎপরতা এবং নানা রাজনৈতিক সমীকরণে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে গোপালগঞ্জের রাজনীতি। এই প্রেক্ষাপটে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন।

তার প্রার্থিতার ঘোষণা ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সিকদার শহিদুল ইসলাম লেলিন। সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি বিএনপির মধ্যে একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

মেয়র পদে নির্বাচনের বিষয়ে সিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, “গোপালগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের সমর্থন থাকলে আসন্ন পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।” তিনি আরও বলেন, “গোপালগঞ্জ পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে স্বচ্ছ নেতৃত্ব এবং নতুন পরিকল্পনার প্রয়োজন রয়েছে। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।

” এদিকে তার সম্ভাব্য প্রার্থিতার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামলে এবারের নির্বাচনটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে। স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে।

সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে জানা গেছে। সব মিলিয়ে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রয়েছেন বিএনপি নেতা সিকদার শহিদুল ইসলাম লেলিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়