নাগরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে নাগরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। এসময় তাঁর সহধর্মিণী মনোয়ারা মুকুলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি রবিউল আউয়াল লাভলু বলেন,“দলের এই কঠিন সময়ে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের মানুষের কল্যাণে ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।
ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি মহিলা সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এমন বড় পরিসরের আয়োজনে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রিয় নেত্রীর প্রয়াণে শোকের আবহও লক্ষ্য করা যায়।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং দলীয় ঐক্য কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।