মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এবার ইকুয়েডরে যৌথ সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের

সংবাদের আলো ডেস্ক: ইরান যুদ্ধের মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে মাদক সন্ত্রাস দমনে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, ইকুয়েডরের সঙ্গে সমন্বয় করে দেশটিতে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের সম্মতি না নিয়েই যুদ্ধ শুরু করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

এর মধ্যে গত মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইকুয়েডরে ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলো’র বিরুদ্ধে অভিযান শুরু করে। বুধবার (৪ মার্চ) মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান এক বিবৃতিতে বলেন, এই অভিযান লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতির শক্ত উদাহরণ। 

বিবৃতির সঙ্গে প্রকাশ করা ভিডিওতে সামরিক হেলিকপ্টারের উড্ডয়ন এবং আকাশ থেকে তোলা নজরদারি ছবিও দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে অংশ নিচ্ছে না। বরং ইকুয়েডরের সেনাদের লজিস্টিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। 

হোয়াইট হাউসের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, দীর্ঘদিন ধরে পুরো অঞ্চলের নাগরিকদের ওপর ভয়, সহিংসতা ও দুর্নীতি চাপিয়ে দেওয়া মাদক-সন্ত্রাসীদের মোকাবিলায় আমরা একসঙ্গে কঠোর পদক্ষেপ নিচ্ছি।

গত বছরের সেপ্টেম্বরে ভেনেজুয়েলাকে ঘিরে মাদকবিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এই অভিযানে এখন পর্যন্ত হামলা চালিয়ে কয়েক ডজন জাহাজ বা নৌকা ধ্বংসে করেছে মার্কিন বাহিনী। এতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। একে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ অভিহিত করে এর নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলো।

ইকুয়েডরে যৌথ অভিযানের ঘোষণাকে ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। ঘোষণার দুইদিন আগে গত সোমবার (২ মার্চ) ইকুয়েডরের রাজধানী কুইটোতে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ডোনোভান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়