শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নে অবৈধ মাটি উত্তোলন, ক্ষতিগ্রস্ত ইটের সলিং রাস্তা
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে সরকারি ইটের সলিং রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে এলাকার সাধারণ মানুষ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাবরুনা ইউনিয়নের বিভিন্ন স্থানে কোনো ধরনের অনুমোদন ছাড়াই মাটি উত্তোলন করা হচ্ছে। মাটি বহনের জন্য ভারী ট্রাক ও ট্রলির চলাচলের কারণে ইটের সলিং বসানো সরকারি রাস্তার ইট উঠে গেছে, অনেক স্থানে দেবে গেছে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত বিক্রেতা মোঃ ফর্সা মিয়া এবং ক্রেতা মোঃ ফারুক মিয়া। তাদের মাধ্যমে নিয়মিতভাবে মাটি বিক্রি ও পরিবহন করা হচ্ছে, যার ফলে সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই ইটের সলিং রাস্তাটি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, বয়স্ক মানুষ ও রোগীবাহী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসী দ্রুত অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ইটের সলিং রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।