মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় দূর্গম চরে শিক্ষার্থীদের যাতায়াতে বাঁশের সাঁকো নির্মাণ;ইউপি সদস্য আবুল বাসারের মহতি উদ্যোগ

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের দূর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের স্কুল–মাদ্রাসায় যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল বাসার। তাঁর উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় মধুমতী নদীর একটি খাঁড়ির উপর নির্মাণ করা হচ্ছে বাঁশের সাঁকো।

উপজেলার টিকরপাড়া ও খোলাবাড়িয়ার চরের শিক্ষার্থীরা বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হেলেঞ্চা বাজারে অবস্থিত নূরে মোহাম্মাদিয়া নূরানী মাদ্রাসায় অধ্যয়ন করে। কিন্তু মধুমতী নদীর খাঁড়িতে সারা বছর পানি জমে থাকায় বিকল্প যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। একই সঙ্গে শতাধিক কৃষক তাদের ফসল আনা-নেওয়ায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সোমবার (২ মার্চ) দিনব্যাপী খাঁড়ির উপর বাঁশের সাঁকো নির্মাণ কাজ শুরু করেন ইউপি সদস্য মোঃ আবুল বাসার। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাজটি এগিয়ে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—সিরাজ মোল্লা, গণি মোল্লা, কুটি মিয়া, সানোয়ার শেখ, বিল্লাল চৌধুরী, ইমান মোল্লা, মাফুজার মোল্লা, রফিকুল মুসল্লী, আবু তাহের ও রাজীব শিকদার প্রমুখ।

জানা গেছে, বাঁশের সাঁকো নির্মাণে আনুমানিক ব্যয় হবে প্রায় ৫০ হাজার টাকা। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আবুল বাসার বলেন, “টিকরপাড়া ও খোলাবাড়িয়ার চরের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে আমরা নিজেদের অর্থায়নে এই উদ্যোগ নিয়েছি। সমাজের সচেতন ও বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা পেলে কাজটি আরও টেকসইভাবে করা সম্ভব হবে।”

স্থানীয়রা জানান, সাঁকো নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হবে এবং কৃষকদের ফসল পরিবহনেও স্বস্তি ফিরবে। মানবিক এই উদ্যোগে এলাকাবাসী ইউপি সদস্য আবুল বাসারের ভূয়সী প্রশংসা করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়