যুদ্ধ শেষ হবে কখন সেই সিদ্ধান্ত নেবে ইরান: আরাগচি
সংবাদের আলো ডেস্ক: যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রবিবার (০১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পূর্ব ও পশ্চিমে দুই দশকের পরাজয় থেকে ইরান শিক্ষা নিয়েছে। এই কথার মাধ্যমে তিনি মূলত ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দিকে ইঙ্গিত করেন।
আরাগচি বলেন, ‘আমাদের রাজধানীতে বোমা হামলা আমাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না। বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কাঠামোর কারণে আমারাই সিদ্ধান্ত নিতে পারছি, কখন এবং কিভাবে যুদ্ধের সমাপ্তি ঘটবে।’
কয়েক সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলমান থাকা অবস্থায় নতুন করে উত্তেজনা বাড়ে। ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা চলাকালেই গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে।
এর আগে বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার বৈঠকে উভয় পক্ষই ‘উল্লেখযোগ্য অগ্রগতির কথা স্বীকার করেছিল। তবে সাম্প্রতিক সামরিক অভিযানের কারণে সেই কূটনৈতিক প্রচেষ্টা এখন ভেস্তে গেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।