সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: উত্তর কোরিয়া

সংবাদের আলো ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‌‌অবৈধ আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। 

রবিবার (০১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গুণ্ডামিসুলভ আচরণে এমন ঘটনা অনিবার্য বলেও মন্তব্য করেছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘‘আগ্রাসনের যুদ্ধ’’ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ওই অঞ্চলের সব দেশ এবং যাদের অভিন্ন স্বার্থ রয়েছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর রোববার তেহরানের ব্যাপক আকারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। তেহরানে নতুন করে আরও বড় ধরনের হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রে এই যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়েছে। হামলার প্রতিশোধে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এসব হামলায় সংযুক্ত আরব আমিরাত ও কাতারে হতাহতের ঘটনাও ঘটেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার এক বিবৃতিতে ওই শোক জানিয়েছেন তিনি।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি ‌‘‘নৃশংস হত্যাকাণ্ড’’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়