উলিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং এর সঠিক চর্চা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদুল হাসান। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক।
ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছে। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোকপাত করেন। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।