রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হয় এক আলোচনা সভা, যেখানে ভাষা শহিদদের আত্মত্যাগের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা এবং জাতীয় চেতনায় ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিউল আজম উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা শারমিন আক্তার রিমা ,উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি , সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্যে তিনি মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার ভিত্তি। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সচেতন হওয়ার আহ্বান জানান।


সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, একুশ আমাদের চেতনার দীপশিখা। ভাষা শহিদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি। তিনি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরে শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষায় সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। 
আলোচনা সভা শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।
মহান একুশের চেতনাকে ধারণ করে উল্লাপাড়ায় এভাবেই যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ