প্রবাসীদের সুবিধা আরও বাড়ানো হবে: আরিফুল হক চৌধুরী
সংবাদের আলো ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য যেসব সুবিধা বর্তমানে নেই, সেগুলো শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, রাস্তাঘাট, বিমানসহ সবকিছু মাথায় রয়েছে। অল্প সময়ের মধ্যে সকল এমপি ও মন্ত্রীরা বসে পরিকল্পনা করবে এবং বৈরী মনোভাব না রেখে মিলিতভাবে কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
তিনি আরও বলেন, আমাদের পার্টির ইস্তেহারে প্রবাসীদের কল্যাণের ব্যাপারে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। আমি মনে করি, আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত, প্রবাসীদের জন্য কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা। আমরা এটি শিগগিরই স্বল্পমেয়াদি, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পর্যায়ে বাস্তবায়ন করার পরিকল্পনা করছি।
মন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে আসা আরিফুল হক চৌধুরী বলেন, প্রথম দিনটি তিনি মায়ের সঙ্গে কাটাবেন এবং এরপর শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরদিন নির্বাচনী এলাকায় তিনি কাজের পরিকল্পনা করবেন। তিনি দোয়া চান, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য কাজ করতে পারেন, এই আকাঙ্ক্ষায়।
এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইটে দুপুর ২টা ১৫ মিনিটে ৫ দিনের সরকারি সফরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।