সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা’: ডা. শফিকুর রহমান

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, তিনি কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক ও শ্রমজীবী মানুষকে অসম্মান করা তাঁর কাছে নিজের বাবাকে অপমান করার শামিল।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমি কোনো ধনী পরিবারে জন্মাইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।”

তিনি আরও বলেন, “আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই। একদল হলো নিষ্পাপ শিশু, আরেকদল দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন।”

কৃষক-শ্রমিকদের প্রতি সম্মান দেখানোকে নিজের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করে তিনি বলেন, “কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন। কিন্তু আমি তাদের ঘামকে সম্মানের চোখে দেখি।”

স্মরণসভায় তিনি শাহ আলমের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। বলেন, “আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করব।”

স্মরণসভা শেষে তিনি নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে সকাল আটটার দিকে তিনি সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হন। এ ছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।

স্মরণসভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়