ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
সংবাদের আলো ডেস্ক: ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখার প্রায় ২ ঘন্টা পর পূনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর পৌনে ২টার দিকে পূনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল সন্ত্রাসী কায়দায় বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তাদের প্রতিহত করলে তারা ৫৬ টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা আরও ৭৬ টি ব্যালট পেপার নষ্ট করে ফেলে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবং প্রায় ২ঘন্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
এদিকে এঘটনার পর কেন্দ্রটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহনের বিষয়টি মাইকিং করে ভোটারদের জানানো হচ্ছে।
ভোলা সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। সেখানে লাঠি হাতে পুলিশ একজন আটক করেছে। বর্তমানে কঠোর নিরাপত্তায় পূনরায় ভোটগ্রহণ চলছে। সেখানে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।