মব নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব ফেলবে: ড. ইফতেখারুজ্জামান
সংবাদের আলো ডেস্ক: মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছরঃ প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক’ অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সম্পদের হিসাব না দেওয়ার কারণে স্বচ্ছতা, জবাবদিহিতা লঙ্ঘন হয়েছে। পাশাপাশি বিচারের বিষয়েও প্রশ্ন রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার ও প্রতিশোধকে একাকার করে ফেলা হয়েছে।
এছাড়াও রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে। সরকার শুধু সংস্কারের চিন্তা করেছে, বাস্তবায়নের ঝুঁকি বিবেচনায় নেয়নি বলেও মন্তব্য করেন, ড. ইফতেখার।
এদিন সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মূল্যায়নে করেছে তারা। সরকার শুরু থেকেই মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি বলেও মত সংস্থাটির। সুষ্ঠু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড দৃশ্যমান নয় বলেও উঠে এসেছে তাদের প্রতিবেদনে এবং নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।
তারা জানায়, ২০২৫ সালে ৪০১টি রাজনৈতিক সহিংসতায় ১০২ জন নিহত এবং এখন পর্যন্ত ১ হাজার ৩৩৩ অস্ত্র নিখোঁজ। এছাড়াও ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। সাংবাদিকদের এক মামলায় গ্রেপ্তার করে জড়ানো হয়েছে আরেক মামলায়।
সংস্থাটির মূল্যায়নে বলা হয়, অর্থ, পেশি ও ধর্মভিত্তিক রাজনীতির হাতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব অনেকটাই জিম্মি। রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।