বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে – মাওলানা রফিকুল ইসলাম খান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বেকারদের জন্য ভাতা নয়, নতুন নতুন কলকারখানা গড়ে তুলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো যুবসমাজ।
কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে যুবকদের সঠিকভাবে কাজে লাগানো হয়নি। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়কোল বের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, একসময় রাষ্ট্রীয়ভাবে বহু কলকারখানা প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে সুকৌশলে সেগুলোতে লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
এর ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে লোকসানে থাকা এসব কলকারখানা পুনরায় চালু করা হবে। পাশাপাশি যুগোপযোগী কর্মসংস্থানের লক্ষ্যে নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, “আমরা যুবকদের ভাতা দিয়ে তাদের অলস করতে চাই না। আমরা চাই তাদের হাতে কাজ তুলে দিতে, তাদের সম্মান দিতে।
কর্মসংস্থানের মাধ্যমেই একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা সম্ভব।” চাঁদাবাজি ও দখলদারিত্বের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একটি বিশেষ দল দেশের বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ এমন কোনো জায়গা নেই যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি চালু করেনি। দিন দিন চাঁদার পরিমাণ বেড়েই চলেছে। আগে যেখানে ২০০ টাকা নেওয়া হতো, সেখানে এখন ৩০০ টাকা আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবন নাভিশ্বাসে পরিণত হয়েছে। তিনি বলেন, সবজি বাজার, বালুমহালসহ বিভিন্ন স্থানে চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে চাঁদাবাজির পরিমাণ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। জনগণ সুযোগ পেলে আসন্ন নির্বাচনে চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেতে তাদের লাল কার্ড দেখাবে। ইনশাআল্লাহ।
বড়পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সাবেক কমিশনার শাহাদাত হোসেন খোকা, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল-আমীন, পেশাজীবী বিভাগের ইউনিয়ন সভাপতি মোতালেব হোসেন এবং ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।