মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে: তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে ফেনীর মানুষের দাবি অনুযায়ী এখানে একটি মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে। আমরা যুবকদের শুধু স্বপ্ন দেখাতে চাই না, তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, ফেনীতে একটি ইপিজের স্থাপিত হলে হাজারো তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া বিদেশে গমনেচ্ছুক যুবকদের কারিগরি ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য একটি কারিগরি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যাতে তারা উচ্চ আয়ের মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে পারে।

আসন্ন নির্বাচন নিয়ে একটি মহলের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সিদ্ধান্তের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। বৃহত্তর নোয়াখালী ও ফেনী বেগম খালেদা জিয়ার এলাকা, এর সম্মান আপনাদের রক্ষা করতে হবে। এজন্য আগামীতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনতে হবে। তবেই জনগণের সব চাহিদা পূরণ করা সম্ভব হবে।

তারেক রহমান বলেন, দেশের কৃষকদের কল্যাণে ‘কৃষি কার্ড’ প্রবর্তন করা হবে। যার মাধ্যমে সার ও বীজ সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। নারীদের জন্য ‘হেলথ কার্ড’ সুবিধা চালু করা হবে। পল্লী চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন করে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, যাতে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে হাসপাতালে যেতে না হয়।

গণমানুষের ভাগ্য পরিবর্তনে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে দেশকে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করব।

সম্প্রতি ফেনীতে বয়ে যাওয়া ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির কথা স্মরণ করে তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও কৃষির সুবিধার্থে সারা দেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়