শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে তিন আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন জমা, পরিবেশ শান্তিপূর্ণ

নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ আসনে ১১টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১০টি, লালমনিরহাট-২ আসনে ১০টি বিক্রির বিপরীতে জমা পড়েছে ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টি মনোনয়ন বিক্রি হলেও জমা পড়েছে ৭টি। তিনটি আসনের কোনো আসনেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়নপত্র জমা দেয়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়। বিকাল ৩টা ১০ মিনিটে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মনোনয়নপত্র জমা দেন। এরপর ৩টা ২০ মিনিটে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের এবং ৩টা ৩০ মিনিটে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন মনোনয়নপত্র দাখিল করেন। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ও কমিউনিস্ট পার্টির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক মধুসূদন রায়ও এদিন মনোনয়ন জমা দেন।

এদিকে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের প্রার্থীরা নিজ নিজ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দীর্ঘ ১৭ বছর পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। লালমনিরহাট দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত একটি জেলা, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”
জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে আমরা মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা নেই। আশা করছি সবাই মিলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”

জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান লিমন বলেন, “উত্তরবঙ্গের উন্নয়নে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও জাতীয় পার্টিকে ভোট দেবে বলে বিশ্বাস করি।”

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী মধুসূদন রায় বলেন, “নির্বাচনী পরিবেশ আপাতদৃষ্টিতে ভালো। তবে আমাকে ও আমার কিছু সমর্থককে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে, যা বন্ধের দাবি জানাচ্ছি।”

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার জানান, জেলার তিনটি আসনে মোট ২৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়