নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়
সংবাদের আলো ডেস্ক: সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির পরিবর্তনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে আহলা দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, মহানবী (সা.)-এর আগমন সারা বিশ্বের জন্য সুসংবাদ। তার আগমনের মাধ্যমেই ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হলেও রাসুল (সা.)-এর প্রদর্শিত পথেই পৃথিবীর কল্যাণ ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।
দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের জমে থাকা এসব সমস্যা নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের সময়ের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সংকট তৈরি হয়েছে। এগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।
পুরান ঢাকার নাগরিক সমস্যা নিয়ে আবদুস সালাম বলেন, জলাবদ্ধতার অন্যতম কারণ নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থা। জলাবদ্ধতা নিরসনে সাময়িক পদক্ষেপ নয়, পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতা বিবেচনায় নিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রত্যেককে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ—এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।
পুরান ঢাকাকে সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কার করা এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতি ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।