তাড়াশে সার বিতরণ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে ডিলার ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সমন্বিত নীতিমালা–২০২৫ বাস্তবায়ন উপলক্ষে সকল বিটিআরসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জেলা সার ও বীজ মনিটরিং কমিটিরও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুসরাত জাহান। তিনি বলেন, সারের মতো গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কৃষক যাতে সঠিক সময়ে, ন্যায্যমূল্যে এবং হয়রানিমুক্তভাবে সার পায়—সেটা নিশ্চিত করতেই সরকার নীতিমালা–২০২৫ গ্রহণ করেছে। ডিলারদের দায়িত্বশীলতার ওপরই এই নীতিমালার সফলতা নির্ভর করবে।”
সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা। তিনি নতুন নীতিমালার বিভিন্ন ধারা উপস্থাপন করে বলেন— “সারের চাহিদা, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি ধাপ কঠোরভাবে মনিটরিং করা হবে। মাঠপর্যায়ে কৃষকদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য ডিলারদের নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী। তিনি বলেন— “কৃষিই দেশের মূল শক্তি। কৃষকের স্বার্থরক্ষায় রাজনৈতিক, প্রশাসনিক ও বেসরকারি—সব পক্ষের সমন্বয় প্রয়োজন। সারের সঠিক বিতরণ নিশ্চিত হলে কৃষক লাভবান হবে, দেশও এগিয়ে যাবে।”
সভায় উপস্থিত সার ডিলাররা সারের সরবরাহ সংকট, পরিবহন ব্যয়, মূল্যবাজারের অস্থিরতা এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন— “সরবরাহ ঠিক থাকলে এবং পরিবহন সুবিধা বাড়ালে কৃষকের কাছে দ্রুত সার পৌঁছে দেওয়া সম্ভব।” সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিলারদের সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রতিনিধি এবং উপজেলার সকল বিটিআরসি সার ডিলার উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।