দুর্গাপুরে মহালয়া উপলক্ষে পরিবেশন হলো নাটক সিংহ বাহিনী ত্রিনয়নী
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শুভ মহালয়া উপলক্ষে তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিংহ বাহিনী ত্রিনয়নী নাটক পরিবেশন হয়েছে৷ রবিবার রাতে পৌর শহরের উত্তরপাড়ার সেবা সংঘ মন্দির চত্বরে এ নাটক পরিবেশন করা হয়। এ ধর্মীয় নাটক দেখতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বরী আসেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় সেবা সংঘ ও তত্ত্বাবধানে সুসং কুঞ্জ ঘর।
তারুণ্যের আলো নাট্য গোষ্ঠীর শিল্পীরা এই নাটক পরিবেশনের মাধ্যমে দেবী দূর্গার বিভিন্ন সিংহবাহিনী রূপ এবং তাদের সম্পর্কিত কাহিনী তুলে ধরেন। দেবী দুর্গা তাঁর শক্তি ও অস্ত্র নিয়ে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করে। দীর্ঘ যুদ্ধের পর,দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন তা নাটকের মাধ্যমে ভক্তদের মাঝে তুলে ধরা হয়৷
শেষে এ সুন্দর পরিবেশনের জন্য তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীকে আর্থিক অনুদান দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন।
তারুণ্যের আলো নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক শঙ্খদীপ দে শান্ত বলেন, প্রতিবছর শুভ মহালয়ার দিনে নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবছর আমরা নাটক সিংহ বাহিনী ত্রিনয়নী ভক্তদের মাঝে তুলে ধরি। মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যে দেবীর আগমন ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী এবং ০১ অক্টোবর মহানবমী পূজা হবে। এরপর ০২ অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে মা দুর্গা আবারও কৈলাশে ফিরে যাবেন। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।