,

শিরোনাম

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান ফরিদপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আলফাডাঙ্গা জেলা পরিষদ ডাক বাংলোয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশের মানুষ অত্যাচার, নির্যাতন ও দুঃশাসনে অতিষ্ঠ ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। বিগত সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে।

ফরিদপুর-১ আসনের জনগণের উদ্দেশ্যে মনিরুজ্জামান মনির বলেন, আমি আপনাদেরই সন্তান, এই এলাকার মানুষের পাশে থেকে আপনাদের  দুঃখ-দুর্দশা লাঘব করতে কাজ করতে চাই। তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি নিবেদিতভাবে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, দলের হাইকমান্ডের কাছে আমার আবেদন, যদি আমাকে যোগ্য মনে করা হয়, তবে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করে ফরিদপুর-১ আসনকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলব।

সংবাদ সম্মেলনে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম পারভেজ, মধুখালীর গাজনা ইউনিয়নের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ, বিএনপি কর্মী মো. এমদাদুল এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মনিরুজ্জামান মনির সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে দলীয় যেকোন আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া তাদের প্রধান লক্ষ্য।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়