,

শিরোনাম

কালীগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ কে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।

সভায় পূজা উদযাপনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উৎসবের পবিত্রতা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—উপজেলা জুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ পুলিশ টহলের ব্যবস্থা করা, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা, এবং প্রতিটি মণ্ডপের প্রয়োজন অনুযায়ী পুরুষ ও মহিলা আনসার সদস্য নিয়োগসহ প্রায় ১৫ টি সিদ্ধান্ত নিশ্চিত করা। এছাড়া, যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রতিটি মণ্ডপে প্রবেশের এবং প্রস্থানের জন্য পথ পৃথক রাখার পাশাপাশি একটি পরিদর্শন রেজিস্টার রক্ষণাবেক্ষণের জন্যও বলা হয়েছে। এই নির্দেশনাগুলো প্রতিটি মণ্ডপে কঠোরভাবে অনুসরণের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়, যাতে দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা যায়।

সভায় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, বিগত বছরগুলোর মতো এবারও সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবেন বলে তারা আশাবাদী। তারা পূজা মণ্ডপের পবিত্রতা রক্ষায় কোনো ধরনের মাদক সেবন বা বিশৃঙ্খল কার্যকলাপ বরদাশত করা হবে না বলে প্রশাসনকে আশ্বস্ত করেন। এ সময় তারা সুষ্ঠুভাবে পূজা আয়োজনে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দুর্গাপূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়