হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত, ভক্তদের প্রিয় গুরুদেব হৃদয় চৈতন্য গোস্বামী (তপন গোস্বামী) গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাত ১টা ৫৪ মিনিটে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে হান্ডিয়ালসহ চাটমোহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-শিষ্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় মানুষজন এই মহাপুরুষের আত্মার শান্তি কামনা করেছেন। ধর্মীয় মহলে তাঁকে ‘শ্রী গুরুদেব’ নামে সম্বোধন করা হতো। ভক্ত-শিষ্যরা জানান, নশ্বর সংসার ত্যাগ করে ধ্যান ও ভক্তির উজ্জ্বল পথ বেয়ে তিনি জগন্নাথদেবের চরণে লীন হলেন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গুরু মহারাজের স্নান ঘাট গুন্ডিচা মন্দির প্রাঙ্গণে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তাঁর চিরবিদায়ে চাটমোহর ও পাবনা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা সমবেদনা জানিয়েছেন।
তাঁরা পৃথক শোকবার্তায় বলেছেন, হৃদয় চৈতন্য গোস্বামী ছিলেন ভক্তি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিবেদিতপ্রাণ এক মহাপুরুষ। তাঁর মৃত্যুতে চাটমোহরবাসী এক মহান সাধককে হারাল। তাঁরা আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।