,

শিরোনাম

আবারো তিস্তার পানিতে প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চল

নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি: উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানির সমতল দাঁড়িয়েছে ৫২.১৮ মিটার, যা বিপদসীমা (৫২.১৫ মিটার) থেকে ৩ সেন্টিমিটার ওপরে। তবে বেলা বাড়ার সাথে-সাথে পানি কিছুটা কমে এসেছে। বিকাল ৫টায় পানি ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, “উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমারসহ উত্তরের আরও কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তাপাড়ের গোবর্দ্ধন গ্রামের কৃষক আমিনুল হোসেন বলেন, “নদীর পানি দ্রুত বাড়তে শুরু করায় চরাঞ্চলের রাস্তা-ঘাট ডুবে গেছে। আমরা পানিবন্দি হয়ে পড়েছি।”

সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি গ্রামের আঃ হক বলেন, থাকার ঘরোত পানি উঠছে। কষ্টের শ্যাষ নাই বাহে।

হাতীবান্ধা উপজেলার ডায়াবাড়ি ইউনিয়নের দিনমজুর এনামুল কবির জানান, “অনেক পরিবার পানিবন্দি হয়ে আছে, পশুপাখি ও শিশু-বৃদ্ধদের নিয়ে মানুষ দুর্ভোগে পড়েছে। এখনো কোনো সহায়তা মেলেনি।”

হাতীবান্ধা সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর ইসলাম বলেন, তার ইউনিয়নে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মানুষের কষ্ট লাঘবে জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন।

পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, “বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এজন্য নদীপাড়ের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়