রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক
সংবাদের আলো ডেস্ক: রংপুরের তারাগঞ্জে জুহি নামের ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুর মা তুলশী রানীকে আটক করেছে এলাকার লোকজন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী হিন্দুপাড়া মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বাবুলাল ও তুলসী রানী দম্পতির দ্বিতীয় মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল চন্দ্র রায়ের (৪২), স্ত্রী তুলসী রানী (২৪) মানসিক রোগে ভুগছিলেন।
ঘটনার দিন সকালে হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে ঘরে থাকা ছুরি দিয়ে নিজের ছয় মাস বয়সী কন্যা শিশুকে জবাই করে হত্যা করে ঘরের বাইরে ফেলে দেন তুলসী রানী।
স্থানীয়রা আরও জানায়, প্রায় সাত বছর আগে বাবুলের সঙ্গে তুলসী রানীর বিয়ে হয়। তার বাবার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী দলুয়া গ্রামে। তাদের আরেকটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে।
খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে এবং মা তুলসী রানীকে আটক করে থানায় নিয়ে আসে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ ও তার মাকে থানায় আনা হয়েছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।