আশুলিয়ায় দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় ভাড়া বাড়ির কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও ৬ বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে জানিয়ে পুলিশ জানিয়েছে—ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রবিবার রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে আবুল হোসেনের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা দিনভর কক্ষ বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান খাটের উপর অচেতন অবস্থায় স্ত্রী সোনিয়া আক্তার ও ৬ বছরের শিশু কন্যা জমিলা পড়ে আছে এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী রুবেল মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
খাটের উপর পড়ে থাকা স্ত্রী ও কন্যার মুখে ফেনা দেখা যাওয়ায় স্থানীয়দের ধারণা, বিষজাতীয় কিছু খাইয়ে স্ত্রী ও কন্যাকে হত্যার পর স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া ঘটনাস্থলে সিআইডির টিমকে ডাকা হয়েছে।
নিহতদের মধ্যে স্ত্রী সোনিয়া আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং স্বামী রুবেল মিয়া ছিলেন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।