,

শিরোনাম

দু’টি কিডনি বিকল, বাঁচার আকুতি দুর্গাপুরের দুই সন্তানের জননী মুর্শিদার

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: মাত্র ২৭ বছর বয়স। সংসার, স্বামী ও দুই সন্তানের লালন-পালনের স্বপ্নে ভরা বয়সটা যেন এক অন্ধকার গহ্বরে আটকে গেছে মুর্শিদা আক্তারের। দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে তার। প্রতিদিন কাটছে মৃত্যুভয়ের সঙ্গে লড়াই করে।

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার মুর্শিদা। বিয়ে হয় আট বছর আগে পাশের চন্ডিগড় গ্রামে। স্বামী রুবেল মিয়া অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। অভাব অনটনের মধ্যেই ছোট দুই ছেলেকে নিয়ে তাদের দিন ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু তিন মাস আগে মুর্শিদার কিডনি জটিলতা ধরা পড়ে। এখন তিনি আর নিজের শক্তিতে চলাফেরা করতে পারেন না।

স্বামী রুবেল মিয়া এখন একদিকে স্ত্রীর সেবাযত্ন, অন্যদিকে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। রুবেল মিয়া বলেন, স্ত্রীর চিকিৎসা চালাতে ঋণ করতে হয়েছে। এখন আর পারছি না। সমাজের সহানুভূতিশীল মানুষদের কাছে সহযোগিতা চাই।

স্বজন শারমিন আক্তার জানান, চিকিৎসকেরা বলেছেন মুর্শিদার একটি কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে, আরেকটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সপ্তাহে দুইদিন ডায়ালিসিস করতে হচ্ছে সেই টাকাও এখন নাই। চিকিৎসা প্রায় বন্ধের পথে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো পথ নেই।

এখনো মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়নি তার দুই শিশু। তারা আঁকড়ে ধরে রেখেছে অসুস্থ মাকে। যেন মায়ের ছায়া হারিয়ে অনাথ হয়ে যেতে না হয়, সে আশাতেই সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন স্বজনরা।

মুর্শিদা খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমি বাঁচতে চাই, আমার ছোট সন্তান গুলো এতিম হয়ে যাবে। আপনারা আমাকে সহায়তা করেন আমাকে বাঁচান।

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, মুর্শিদাকে বাঁচাতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। তাছাড়া নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে। চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

এলাকাবাসী মুর্শিদার পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। তাদের আশা সরকার, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষরা এগিয়ে এলে মুর্শিদা আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়