নেত্রকোনার খালিয়াজুরীতে স্পিডবোট উল্টে নারী শিশুসহ নিখোঁজ চারজন
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে নারী শিশু সহ ৪ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজের তালিকায় রয়েছেন এক নারী ও তিন শিশু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদীতে এ ঘটনা ঘটে। স্পিডবোট উল্টে ৪ জন নিখোঁজ হবার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
এ ঘটনায় নিখোঁজের তালিকায় রয়েছেন, উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।
স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া আনা হয়েছিল। বোটটি বরযাত্রী রওনা হবার আগ মূহুর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে শুক্রবার বিকালে তারা ধনু নদীতে ঘুরতে যাওয়ার পর পাচহাট আন্ধাইর গ্রামের ভীম জালের মাছ ধরা নৌকার সাথে ধাক্কা খেলে মাঝ ধরার নৌকার মাঝি স্পীডবোট থামাতে বলে বোটে ওঠে চালকের সাথে ধস্তাধস্তি করতে থাকে। এসময় বোটটি ডুবে গেলে অনেকে সাঁতরে তীরে ওঠেন। আবার অনেকে নিখোঁজ রয়েছে বলছেন। এদিকে বোটের মাঝি পাচহাট গ্রামেই চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল আসছে। তারা আসার পর আগামীকাল উদ্ধার অভিযান শুরু হবে।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজে নিয়োজিত হবে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম অবস্থান করছে। আমরা জানতে পেরেছি নিখোঁজের ৩জন শিশু ১জন নারী রয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।