হাতীবান্ধায় অটোরিকশা চালক রায়ফুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-১৩ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নিহত রায়ফুল ইসলাম নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২০ আগস্ট সকালে ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে তার লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫৫/৩৬১, তারিখ-২০/০৮/২০২৫, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং গণমাধ্যমে তুমুল সাড়া ফেলে। এরপর মামলাটি র্যাব-১৩ এর নজরে এলে তারা তদন্তে নামে এবং গোয়েন্দা তৎপরতা চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় রংপুরের র্যাব-১৩ সিপিএসসি ও সদর কোম্পানি এবং ঢাকার র্যাব-৪ মিরপুর ক্যাম্পের আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মো. মাহফুজার রহমান মামুন (৪২)কে গ্রেফতার করে। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।